শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ তিন দশক আগে চুরি যাওয়া বাবা লোকনাথের রৌপ্য মূর্তি উদ্ধার করে বড়সড় সাফল্য অর্জন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি-ক্রাইম উইং। প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ওই রৌপ্য মূর্তিটি উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম বিজয় মাহাতো। সে শিলিগুড়ির প্রকাশ নগরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার অ্যান্টি-ক্রাইম উইং তার বাড়িতে হানা দেয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ১ কেজি ওজনের ওই মূল্যবান রুপোর মূর্তি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, এর আগেও একই ধরনের চুরি ও অপরাধমূলক কাজে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
ঘটনাটি ঘটে চলতি মাসের ৬ তারিখ ভোরবেলা। প্রধান নগর থানা এলাকার একটি বাড়ির মন্দিরে বাবা লোকনাথের ওই রৌপ্য মূর্তি ছিল। গৃহকর্তা বিশ্বজিৎ দাস জানান, ভোরে ঘুম থেকে উঠে মন্দিরের ভাঙা তালা এবং মূর্তি উধাও দেখে হতবাক হয়ে পড়েন তিনি। এরপরই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা, সন্দেহভাজনদের উপর নজরদারি এবং গোপন সূত্রের তথ্য সব মিলিয়ে দ্রুত তদন্তে অগ্রগতি হয়। শেষপর্যন্ত পুলিশ নিশ্চিত হয় যে বিজয় মাহাতোই মূর্তিটি চুরি করেছে। এরপর কৌশলে অভিযানে নেমে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
প্রধান নগর থানার এই সাফল্যে এলাকায় স্বস্তি ফিরেছে। পুলিশ জানিয়েছে, মূর্তিটি আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত গৃহকর্তার কাছে ফিরিয়ে দেওয়া হবে। ঘটনার তদন্ত এখনও চলেছে।





