খবরিয়া ২৪ ডেস্ক, ৯ জানুয়ারিঃ চাল চুরির একটি মামলার তদন্ত করতে গিয়ে বড়সড় সাফল্য পেল এনজেপি থানার পুলিশ। তদন্তের সূত্র ধরেই উদ্ধার হল ট্রাকভর্তি মুসুর ডাল। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই একই ট্রাক ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে পণ্য ভাড়া নিয়ে চুরির কারবার চালাত।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। শিলিগুড়ির সন্তোষীনগরের এক ব্যবসায়ী এনজেপি থানায় ট্রাক বোঝাই চাল চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে, চুরি যাওয়া চাল পরিবহণে ব্যবহৃত হয়েছিল একটি বড় ট্রাক। এরপর তথ্য সংগ্রহ করে মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেফতার করা হয় ওই ট্রাকের চালক আব্দুল্লাহ মল্লিককে।
পুলিশি জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ মল্লিক গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার জবানবন্দীর ভিত্তিতেই গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ি টোল প্লাজার সামনে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে WB-45 5296 নম্বরের একটি ১৪ চাকার ট্রাক আটক করা হয়। ট্রাকটি থেকে বিপুল পরিমাণ মুসুর ডাল উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই ট্রাকের মালিক ও চালক, মুর্শিদাবাদ জেলার বাসিন্দা আলীম শেখকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরেই একই ট্রাকের রং বদলে বিভিন্ন জায়গায় পণ্য পরিবহণের ভাড়া নিত এবং সুযোগ বুঝে চুরি করত। অতীতের চাল চুরির ঘটনাতেও এই ট্রাকই ব্যবহার করা হয়েছিল বলে তাদের স্বীকারোক্তি। এবারও মুসুর ডাল চুরির পরিকল্পনা ছিল বলেই তদন্তে উঠে এসেছে।
পুলিশের মতে, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ডাল কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, সে বিষয়েও তদন্ত চলছে। শুক্রবার তদন্তের স্বার্থে ধৃতদের ১৪ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
এনজেপি থানার পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি ও পাচারচক্রের গোড়ায় পৌঁছতেই তদন্ত আরও জোরদার করা হবে।





