শিলিগুড়ি, ২৫ ডিসেম্বর: বড়দিনের সকালে শিলিগুড়ি শহরে চাঞ্চল্য ছড়াল এক মর্মান্তিক ঘটনায়। ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন ক্যানেল থেকে উদ্ধার হল এক বৃদ্ধা মহিলার মৃতদেহ। মৃতার নাম মনেশ্বরী রায় (৬৩)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি গত ১৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর সকালে মনেশ্বরী রায়ের ছেলে বিজয় রায় ও তাঁর স্ত্রী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁদের বেরোনোর কিছুক্ষণ পরই মনেশ্বরী রায় বাড়ি থেকে বাইরে বেরোন। দুপুরে বাড়ি ফিরে তাঁকে আর বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশে খোঁজ করেও কোনও সন্ধান না মেলায় ওই দিনই নিউ জলপাইগুড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
এরপর কয়েকদিন ধরে পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজ চললেও তাঁর কোনও হদিশ মেলেনি। অবশেষে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন ক্যানেলে এক বৃদ্ধা মহিলার দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা। দেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করেন ছেলে বিজয় রায় ও পরিবারের অন্যান্য সদস্যরা। প্রিয়জনের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। কীভাবে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর মনেশ্বরী রায়ের দেহ ক্যানেলে এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এলাকায় এই ঘটনাকে ঘিরে শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।





