মালদা, ১৩ ডিসেম্বরঃ ভাঙাচোরা প্রাচীর সংস্কার, দীর্ঘদিনের জমে থাকা জঙ্গল সাফাই এবং বিপজ্জনক ইলেকট্রিক তার সরানোর দাবিতে শনিবার দুপুরে মালদা শহরের চন্দন পার্ক এলাকায় অবস্থিত বিএসএনএল কোয়ার্টার চত্বরে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দাদের এই বিক্ষোভে নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাকলি কর্মকার। বিক্ষোভে উপস্থিত ছিলেন ওয়ার্ডের নাগরিক সন্তোষ কর্মকার সহ এলাকার বহু বাসিন্দা।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএসএনএল কোয়ার্টার এলাকার প্রাচীর ভগ্নদশায় রয়েছে। কোথাও প্রাচীর ভেঙে পড়েছে, কোথাও আবার ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি এলাকাজুড়ে জঙ্গল বেড়ে ওঠায় সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। জঙ্গলের কারণে এলাকায় বেড়েছে সাপের উপদ্রব, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। শিশু ও বয়স্কদের নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীরা আরও জানান, শুক্রবার জঙ্গল কাটার সময় এক মহিলা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতরভাবে আহত হন। তাঁকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনার পরই এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও জঙ্গল সাফাই, প্রাচীর সংস্কার কিংবা বিপজ্জনক ইলেকট্রিক তার সরানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
এর প্রতিবাদেই শনিবার দুপুরে বিএসএনএল কোয়ার্টার চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষোভ চলাকালীন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিএসএনএল কোয়ার্টার কর্তৃপক্ষের প্রতিনিধিরা। তাঁদের পক্ষ থেকে দ্রুত জঙ্গল সাফাই এবং প্রাচীর সংস্কারের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ প্রত্যাহার করেন বাসিন্দারা।
এ প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর কাকলি কর্মকার বলেন, “বারবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। যার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে। অবশেষে আন্দোলনের মাধ্যমে আমরা আশ্বাস পেয়েছি।” ওয়ার্ডের নাগরিক সন্তোষ কর্মকার জানান, “এলাকার নিরাপত্তার স্বার্থে দ্রুত কাজ শুরু করা না হলে ফের আন্দোলনে নামতে বাধ্য হব।”





