কোচবিহার, ৭ ফেব্রুয়ারি : মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ফাঁসির ঘাট এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ধৃতের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তল্লাশি চালাতেই তার কাছ থেকে ৬৫.২২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।এরপরই তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং মাদকের উৎস কোথায়। কোচবিহার জেলায় মাদক পাচার রুখতে পুলিশের এই সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।





