শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ‘শিলিগুড়ি ম্যারাথন ২০২৬’। শিলিগুড়ি কলেজ ও শিলিগুড়ি ম্যারাথন কমিটির যৌথ উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার এই দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার শিলিগুড়ি কলেজে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ম্যারাথনের আনুষ্ঠানিক ঘোষণা করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষের প্রতিনিধিরা এবং শিলিগুড়ি ম্যারাথন কমিটির সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবছর শিলিগুড়ি ম্যারাথন তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে হাফ ম্যারাথন, ড্রিম রান এবং স্পেশাল চাইল্ড রান।
হাফ ম্যারাথন বিভাগে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারিত হয়েছে ২০০ টাকা। এই দৌড়ে মোট ২১.১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে শুধুমাত্র পুরুষ প্রতিযোগীরা এই বিভাগে অংশ নিতে পারবেন। শিলিগুড়ি কলেজ মাঠ থেকে দৌড় শুরু হয়ে ভেনাস মোড়, সেবক মোড়, মাল্লাগুড়ি মোড়, চাম্পাসারি মোড়, চেক পোস্ট, ইস্টার্ন বাইপাস, ফুলেশ্বরী মোড়, অগ্রণী সংঘ ও গোপাল মোড় পেরিয়ে তরাই স্কুল মাঠে গিয়ে দৌড় শেষ হবে। এই বিভাগে প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লক্ষ টাকা, দ্বিতীয় পঞ্চাশ হাজার, তৃতীয় পঁচিশ হাজার, চতুর্থ পনেরো হাজার এবং পঞ্চম পুরস্কার দশ হাজার টাকা। এছাড়াও ষষ্ঠ থেকে দশম স্থানাধিকারীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
ড্রিম রান বিভাগে ১২ বছরের ঊর্ধ্বে প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। এই দৌড়ের এন্ট্রি ফি রাখা হয়েছে মাত্র ২০ টাকা। শিলিগুড়ি কলেজ থেকে শুরু হয়ে ভেনাস মোড় ফ্লাইওভার, এনটিএস মোড় ও দাদাভাই মোড় হয়ে তরাই স্কুল মাঠে দৌড় শেষ হবে। এই বিভাগে মোট পাঁচটি নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এছাড়াও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ‘স্পেশাল চাইল্ড রান’ শিলিগুড়ি কলেজ প্রাঙ্গণ থেকেই শুরু ও শেষ হবে। এই বিভাগে অংশগ্রহণকারী দশজন প্রতিযোগীকে নগদ পুরস্কার প্রদান করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর শিলিগুড়ি ম্যারাথনে সর্বমোট ২ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকার নগদ পুরস্কার রাখা হয়েছে। এই ম্যারাথনের মূল উদ্দেশ্য শহরের মানুষকে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনের প্রতি উৎসাহিত করা।





