খবরিয়া ২৪ ডেস্ক, ১৭ ডিসেম্বরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ঘোষপুকুর–খড়িবাড়ি রাজ্য সড়কের ডুমরিয়া এলাকায় বড়সড় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে চালানো এই অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে এক ফুড ডেলিভারি কর্মী। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় সন্দেহভাজন ওই ফুড ডেলিভারি বয়কে আটক করে তল্লাশি চালানো হয়। তার সঙ্গে থাকা ফুড ডেলিভারির বাক্স তল্লাশি করে প্রায় ১ কেজি ১৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করছে তদন্তকারীরা।
ধৃত যুবকের নাম সুজিত হাজদা। সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ফুড ডেলিভারির আড়ালে মাদক পাচারের উদ্দেশ্যেই এই ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।
পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে কোনও বড় মাদক পাচার চক্র জড়িত থাকতে পারে। ধৃতের মোবাইল ফোন ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তাকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রের খবর।
এই ঘটনায় ফের একবার ফুড ডেলিভারি ব্যবস্থাকে ব্যবহার করে মাদক পাচারের বিষয়টি সামনে এল। খড়িবাড়ি থানার পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।





