শিলিগুড়ি, ২৪ ডিসেম্বর: শহরে মাদক কারবারের ভয়াবহ বিস্তারের আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং বুধবার এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও নগদ অর্থ উদ্ধার করেছে। ধৃতের নাম নাজিরা খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে নাজিরা খাতুনের বাড়িতে হানা দেওয়া হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০৩ গ্রাম ব্রাউন সুগার এবং প্রায় ৫ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা নগদ। এত বিপুল পরিমাণ নগদ অর্থ ও মাদক উদ্ধারে তদন্তকারীরাও চমকে যান।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই ওই বাড়িকে কেন্দ্র করে মাদক কারবার চলছিল। যদিও নাজিরার পরিবার থাকলেও, মাদকচক্রের মূল নিয়ন্ত্রণ ছিল তার হাতেই। পুলিশ মনে করছে, শিলিগুড়ি শহরজুড়ে একটি সক্রিয় মাদক নেটওয়ার্ক পরিচালনা করছিল সে এবং তার সঙ্গে একাধিক সহযোগী জড়িত।
পুলিশের দাবি, এই চক্রের প্রধান লক্ষ্য ছিল যুব সমাজ। বিভিন্ন এলাকায় মহিলা বাহকদের মাধ্যমে ব্রাউন সুগার সরবরাহ করা হতো। নাজিরা খাতুনকে আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে জেরা করার আবেদন জানানো হবে। পুলিশ এখন মাদকটির উৎস ও চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত জোরদার করেছে।





