মালদা, ১৮ ডিসেম্বরঃ মালদায় ফের বড়সড় মাদক উদ্ধার। প্রায় দেড় কেজি ব্রাউন সুগার সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ শাহিন শেখ(২৩)। তার বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত কাশিমপাড়া এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গাজোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে একটি গাড়ি জাতীয় সড়ক ধরে চলাচল করছে। সেই খবরের ভিত্তিতে গাজোল থানার পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং শুরু করে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ১ কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেছে, সে কালিয়াচক এলাকা থেকে ওই ব্রাউন সুগার শিলিগুড়ির দিকে পাচার করছিল। শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং ভিনরাজ্যে এই মাদক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশ মনে করছে।
ঘটনার পর ধৃতকে গাজোল থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে একটি বড়সড় মাদক পাচার চক্র জড়িত রয়েছে। ধৃতের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের দ্রুত গ্রেফতার করা হবে।





