খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ জানুয়ারিঃ দেশি পিস্তল ও কার্তুজসহ এক নাবালককে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির গুরুদয়াল জোত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নাবালকের কাছ থেকেই একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বিহারের কাটিহার জেলার বাসিন্দা সুশান্ত পাসোয়ান সম্প্রতি খড়িবাড়ির গুরুদয়াল জোতে তাঁর এক আত্মীয়ের বাড়িতে আসে। অভিযোগ, সে পিস্তল হাতে এলাকায় ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের একাংশ বিষয়টি লক্ষ্য করে সন্দেহ প্রকাশ করে। এর মধ্যেই সুশান্ত পিস্তলটি তার এক নাবালক আত্মীয়ের হাতে তুলে দিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
এই ঘটনার খবর পেয়ে দ্রুত খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত সুশান্ত পাসোয়ান এলাকা ছেড়ে চম্পট দেয়। তবে ঘটনাস্থল থেকে নাবালক আত্মীয়কে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকেই দেশি পিস্তল ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত নাবালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজ তাকে দার্জিলিং জুভেনাইল জাস্টিস বোর্ডের (জুভেনাইল আদালত) সামনে পেশ করা হবে। কী উদ্দেশ্যে ওই অস্ত্র আনা হয়েছিল, এর সঙ্গে অন্য কোনও অপরাধচক্র যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, পলাতক সুশান্ত পাসোয়ানের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্রের আগমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পুলিশের কাছে এলাকায় নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।গোটা ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।





