ধূপগুড়ি, ২৩ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে উত্তরবঙ্গের ধূপগুড়িতে দেখা গেল এক অভিনব ও নজরকাড়া ছবি। লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকায় হলুদ শাড়ি কিনে একসঙ্গে ভোট দিতে এলেন একদল মহিলা। বৃহস্পতিবার, যা বাঙালির সংস্কৃতিতে ‘লক্ষ্মীবার’ হিসেবে পরিচিত, সেই দিনটিকেই বিশেষ গুরুত্ব দিয়ে এই উদ্যোগ গ্রহণ করেন তাঁরা।
জানা গিয়েছে, ধূপগুড়ি পুর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের ২০৩ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী ও সমর্থকরা এই পরিকল্পনা করেন। মুখ্যমন্ত্রীর জনপ্রিয় লক্ষীর ভান্ডার প্রকল্পের সঙ্গে ‘লক্ষ্মীবার’-এর প্রতীকী সম্পর্ককে সামনে রেখে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে এই উদ্যোগ বাস্তবায়ন করেন।
মহিলারা জানান, প্রকল্প থেকে পাওয়া অর্থের একটি অংশ সঞ্চয় করে তাঁরা হলুদ শাড়ি কিনেছেন। নির্দিষ্ট দিনে সেই শাড়ি পরে একসঙ্গে বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। একই রঙের শাড়িতে সজ্জিত মহিলাদের উপস্থিতি ভোটকেন্দ্রে এক বিশেষ আবহ তৈরি করে, যা সাধারণ ভোটারদেরও দৃষ্টি আকর্ষণ করে।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রুমা দত্ত বলেন, “লক্ষীর ভান্ডার প্রকল্প বৃহস্পতিবারে শুরু হয়েছিল। তাই আমরা সেই টাকার কিছু অংশ জমিয়ে হলুদ শাড়ি কিনেছি। লক্ষ্মীবারে সেই শাড়ি পরে ভোট দিতে এসে খুব ভালো লাগছে।”
ভোটকেন্দ্রে উপস্থিত অন্যান্য ভোটাররাও এই উদ্যোগকে অভিনব বলে মন্তব্য করেন। অনেকেই জানান, এমন উদ্যোগ ভোটের পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে এবং মহিলাদের সক্রিয় অংশগ্রহণের বার্তাও দেয়।
অংশগ্রহণকারী মহিলাদের মতে, এই উদ্যোগ শুধু একটি প্রতীকী পদক্ষেপ নয়, বরং এটি তাঁদের ঐক্য, আবেগ এবং অংশগ্রহণের বহিঃপ্রকাশ। সব মিলিয়ে ধূপগুড়ির এই দৃশ্য এবারের নির্বাচনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে রইল।





