কোচবিহার, ১৬ মে: দ্বিতীয়বার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর কোচবিহারে ফিরলেন বিজেপি নেত্রী মালতি রাভা রায়। শনিবার নিউ কোচবিহার স্টেশনে পৌঁছতেই দলীয় কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। স্টেশন চত্বরে ভিড় জমায় বিজেপি কর্মীরা। ফুলের মালা ও শুভেচ্ছায় বিধায়ককে বরণ করে নেওয়া হয়।
স্টেশন থেকে বের হওয়ার সময় মালতি রাভা রায়কে ঘিরে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। অনেকেই মোবাইলে ছবি তোলেন এবং শুভেচ্ছা জানান নবনির্বাচিত বিধায়ককে। কর্মী-সমর্থকদের ভালোবাসা ও সমর্থনে আপ্লুত বলেও জানান তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালতি রাভা রায় বলেন, তুফানগঞ্জের সাধারণ মানুষ যে ভরসা ও আশীর্বাদ তাঁর উপর রেখেছেন, তার মর্যাদা রাখাই এখন তাঁর প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়ন, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নতিতে আরও বেশি করে কাজ করার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানে সবসময় কাজ করে যাবেন। এদিন বিধায়ককে এক নজর দেখতে স্টেশন এলাকায় সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।





