কোচবিহার, ১৫ মেঃ “মাছে-ভাতে বাঙালি” এই আবেগকেই সামনে রেখে কোচবিহারে অভিনব কর্মসূচি নিল বিজেপি। তৃণমূল কংগ্রেসের ‘অপপ্রচার’ বলে দাবি করে সাধারণ মানুষকে মাছ-ভাত খাওয়াল বিজেপি কর্মীরা। ঘটনাটি সামনে এসেছে কোচবিহারের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে।
বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। সেই দাবিকে “সম্পূর্ণ ভুয়ো” প্রমাণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন প্রায় ৫০০ মানুষের জন্য মাছ-ভাতের আয়োজন করা হয়।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, দল কখনও মানুষের ব্যক্তিগত খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করতে চায় না। তাঁদের দাবি, বাংলার সংস্কৃতি ও খাদ্যাভ্যাসকে সম্মান জানিয়েই বিজেপি কাজ করবে। কোচবিহারের বিজেপি নেতৃত্ব জানায়, “রাজ্যে যেমন মাছ-মাংস খাওয়া চলত, ভবিষ্যতেও তেমনই চলবে। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল।”
এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকেই বিজেপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, ভোট-পরবর্তী সময়ে সাধারণ মানুষের কাছে পৌঁছতে এবং বিরোধীদের প্রচারের পাল্টা বার্তা দিতেই এই ধরনের কর্মসূচিতে জোর দিচ্ছে বিজেপি। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।





