জলপাইগুড়ি, ৯মেঃ নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে শনিবার জলপাইগুড়িতে দেখা গেল উৎসবমুখর পরিবেশ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিসভার সূচনাকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় জমে ওঠে উচ্ছ্বাস। ঐতিহাসিক এই মুহূর্তকে প্রত্যক্ষ করতে সমাজপাড়া মোড় ও ডিবিসি রোডে জেলা বিজেপি কার্যালয়ের সামনে বসানো হয় বড় এলইডি স্ক্রিন।
দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ সেখানে ভিড় জমান এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করেন। শপথের গুরুত্বপূর্ণ মুহূর্ত স্ক্রিনে ভেসে উঠতেই গেরুয়া আবিরে মেতে ওঠেন উপস্থিতরা। উৎসবের আমেজ আরও বাড়াতে আয়োজন করা হয় “ঝালমুড়ি পার্টি”-র। বিশাল গামলায় তৈরি ঝালমুড়ি বিতরণ করা হয় আগত মানুষের মধ্যে।
আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য। সব মিলিয়ে দিনভর জলপাইগুড়িতে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও রাজনৈতিক আবহে ভরপুর এক পরিবেশ।





