জলপাইগুড়ি, ৬মে: পাচারের আগেই বিক্রির ছক ভেস্তে দিয়ে বিপুল পরিমাণ মূল্যবান শাল কাঠ উদ্ধার করল বনদপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার অভিযান চালায় মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের বনকর্মীরা। অভিযান চালানো হয় বানারহাট ব্লকের চানাডিপা পশ্চিম টাড়ি এলাকায়। সেখান থেকেই উদ্ধার হয় কয়েক হাজার টাকা মূল্যের শাল কাঠ, যা পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল বলে অনুমান।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কাঠ পাচার চক্র সক্রিয় ছিল। গোপন খবরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে বনকর্মীরা হানা দিলে চক্রের সদস্যরা পালিয়ে যায়। ফলে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার হওয়া কাঠ বাজেয়াপ্ত করে তদন্ত শুরু হয়েছে।
খট্টিমারি বিটের বিট অফিসার আশীষ চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তোতাপাড়া জঙ্গল থেকে অবৈধভাবে শাল কাঠ কেটে এনে তা পাচারের পরিকল্পনা করা হচ্ছিল। তিনি আরও জানান, এই ধরনের অবৈধ কর্মকাণ্ড রুখতে বনদপ্তর ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অভিযান চালাবে।
ঘটনায় বনাঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠলেও, বনদপ্তরের তৎপরতায় পাচারচক্রের বড়সড় পরিকল্পনা ভেস্তে যাওয়ায় স্বস্তি স্থানীয়দের মধ্যে।





