বর্ধমান, ২ মেঃ বর্ধমানের গণনাকেন্দ্রে এক ‘রহস্যময় ব্যক্তিকে’ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বহুতলের ছাদ থেকে নিচে নামছেন এবং পরে আবার উপরে উঠে যাচ্ছেন। যদিও ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও তা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ-এ, যেখানে বর্ধমান জেলার একাধিক বিধানসভার ইভিএম রাখা রয়েছে। জামালপুর, গলসি, ভাতার, বর্ধমান দক্ষিণ ও বর্ধমান উত্তর এই পাঁচটি কেন্দ্রের ভোটযন্ত্র সেখানে কড়া নিরাপত্তায় সংরক্ষিত। তার মধ্যেই শুক্রবার রাতের এই ভিডিও সামনে আসায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার ওপর।
ভিডিও ভাইরাল হতেই ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল ও বিজেপি দুই দলেরই প্রার্থী ও প্রতিনিধিরা। তৃণমূলের ছাত্র পরিষদের নেতা সরাজ ঘোষ অভিযোগ করেন, গণনাকেন্দ্রে সন্দেহজনক কার্যকলাপ চলছে। অন্যদিকে বিজেপির তরফেও অভিযোগ করা হয়, উপরতলা থেকে অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে।
এছাড়াও তৃণমূলের দাবি, যেখানে তিনটি বিধানসভার ইভিএম রাখা রয়েছে, সেই অংশের সিসিটিভি ফুটেজে সময়ের গরমিল দেখা যাচ্ছে প্রায় দু’মিনিট এগিয়ে চলছে ক্যামেরা। এতে নিরাপত্তা নিয়ে আরও প্রশ্ন উঠেছে।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন নির্বাচন কমিশনের আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ‘রহস্যময় ব্যক্তি’ আসলে সিসিটিভি সংক্রান্ত দায়িত্বে থাকা কর্মী, যিনি কিছু প্রযুক্তিগত কারণে নিচে নেমেছিলেন।
তবে এই ঘটনার পর গণনাকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে গণনার আগে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।





