কলকাতা, ২ মেঃ ভোট গণনাকে ঘিরে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। গণনাকর্মী হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যবহারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। ফলে বহাল থাকল নির্বাচন কমিশন-এর গত ১৩ এপ্রিলের নির্দেশিকা। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশিকা ‘অক্ষরে অক্ষরে’ পালন করতে হবে।
শনিবার বিচারপতি পিএস নরসিংহ এবং জয়মাল্য বাগচী-র বেঞ্চে এই মামলার শুনানি হয়। তৃণমূলের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি যুক্তি দেন, কমিশনের নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই গণনাকেন্দ্রে নিয়োগ করা হচ্ছে, যা রাজ্য সরকারি কর্মীদের প্রতি অনাস্থা প্রকাশ করে। পাশাপাশি প্রশ্ন তোলেন, আগে থেকেই যখন মাইক্রো অবজার্ভার হিসেবে কেন্দ্রীয় কর্মীরা রয়েছেন, তখন নতুন করে এই সিদ্ধান্ত কেন।
অন্যদিকে কমিশনের তরফে জানানো হয়, গণনায় রিটার্নিং অফিসারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে এবং তিনি রাজ্য সরকারেরই আধিকারিক। এছাড়া প্রতিটি প্রার্থীর নিজস্ব কাউন্টিং এজেন্ট উপস্থিত থাকবেন, ফলে কোনও পক্ষপাতের আশঙ্কা নেই বলেই দাবি কমিশনের।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের আলাদা করে দেখার কোনও কারণ নেই। বিচারপতিদের পর্যবেক্ষণ, সকলেই সরকারি আধিকারিক এবং কমিশনের নির্দেশিকাকে ‘বিধিবিরোধী’ বলা যায় না।
এই রায়ের ফলে আগামী ৪ মে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই ব্যবস্থা বলে মনে করছে কমিশন।





