কলকাতা, ১ মে: ভোটপর্ব শেষ হতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে একাধিকবার তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এর আগে পরপর তিনবার ইডির নোটিস এড়িয়ে গিয়েছিলেন মন্ত্রী। পরে তিনি কলকাতা হাইকোর্ট-এর দ্বারস্থ হন। আদালতের নির্দেশে জানানো হয়, নির্বাচন চলাকালীন তাঁকে হাজিরা দিতে হবে না, তবে ভোট মিটলেই ইডি দপ্তরে উপস্থিত হতে হবে। সেই নির্দেশ মেনেই এদিন সিজিও কমপ্লেক্সে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীও।
সিজিও কমপ্লেক্সে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হলেও বিস্তারিত কিছু বলতে চাননি সুজিত বসু। তিনি জানান, “কোনও নথি আনতে বলা হয়নি, কোর্টের অর্ডার নিয়ে এসেছি। পরে বিস্তারিত জানাব।” সূত্রের দাবি, তাঁকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে।
উল্লেখ্য, এই মামলায় আগে থেকেই তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও মন্ত্রীর দাবি, যে মামলায় তাঁকে তলব করা হয়েছে, সেই মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং সেখানে তাঁর নাম নেই। তবুও কেন তাঁকে বারবার নোটিস পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
প্রসঙ্গত, ২০২৩ সালে এই মামলার তদন্তে সুজিত বসুর একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল ইডি। লেকটাউন ও সল্টলেকের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
সব মিলিয়ে, ভোট পরবর্তী সময়ে এই হাজিরা রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। তদন্তে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।





