জলপাইগুড়ি, ৩০ এপ্রিলঃ দ্বিতীয় দফার নির্বাচন পর্ব শান্তিপূর্ণভাবে মিটতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যের ভোটকর্মী ও পুলিশ কর্মীরা। দীর্ঘ দায়িত্ব সামলে এবার তাঁরা হাসিমুখে ঘরে ফিরছেন। নির্বাচন কমিশনের কড়া নজরদারি ও তৎপরতায় পশ্চিমবঙ্গে এবারের ভোটগ্রহণ প্রক্রিয়া মোটের ওপর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা। সেই সাফল্যের ছাপ স্পষ্ট তাঁদের চোখে-মুখে।
উত্তরবঙ্গের বিভিন্ন বাস টার্মিনাস ও রেল স্টেশনে এখন ঘরে ফেরার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি রোড স্টেশনে দক্ষিণবঙ্গ থেকে ফেরা পুলিশ ও ভোটকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ট্রেন থেকে নামার সময় তাঁরা জানান, দায়িত্ব পালনের সময় বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়নি, ফলে স্বস্তিতেই কাজ সম্পন্ন হয়েছে।
তবে এই স্বস্তি খুব বেশি দিনের নয়। আগামী ৪ঠা মে ফের তাঁদের নির্বাচনী দায়িত্বে নামতে হবে। হাতে মাত্র দু’দিন সময় থাকায় পরিবারের সঙ্গে অল্প সময় কাটিয়েই আবার প্রস্তুতিতে নেমে পড়ছেন তাঁরা। দায়িত্বের চাপ থাকলেও মানসিকভাবে চাঙ্গা রয়েছেন সকলে। পরিবারে ফিরে কিছুটা বিশ্রাম ও মানসিক শক্তি সঞ্চয় করে আগামীর চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছেন ভোটকর্মী ও পুলিশ কর্মীরা।





