বেহালা, ২৯ এপ্রিলঃ বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে সকাল থেকেই উৎসবের আমেজ। বিভিন্ন বুথে সাধারণ মানুষের দীর্ঘ লাইন যেমন চোখে পড়েছে, তেমনই বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিও বাড়িয়েছে ভোটের উত্তাপ।
এই আবহেই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বরিশা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠের ১৫৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদা’কে সামনে পেয়ে ভোটারদের মধ্যে আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহ দেখান।
এদিন সৌরভ একা ছিলেন না। তাঁর সঙ্গে ভোট দিতে আসেন স্ত্রী ডোনা গাঙ্গলি। একই বুথে ভোট দেন তাঁর দাদা স্নেহাশীষ গাঙ্গুলী-ও। গঙ্গোপাধ্যায় পরিবারের এই উপস্থিতি বেহালা পশ্চিমে ভোটের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
ভোট দিয়ে বেরিয়ে সৌরভ ও ডোনা দুজনকেই খোশ মেজাজে দেখা যায়। বুথের বাইরে সংবাদমাধ্যমের সামনে হাসিমুখে পোজ দেন তাঁরা এবং আঙুলে লাগানো নীল কালি দেখিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা তুলে ধরেন।
নিরাপত্তার দিক থেকেও এদিন বুথে ছিল কড়া নজরদারি। হাইপ্রোফাইল ভোটারদের আগমনকে কেন্দ্র করে প্রশাসন সতর্ক ছিল।
ভোট দেওয়ার পর সৌরভ জানান, একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া তাঁর দায়িত্ব। সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরে তিনি খুশি বলেও জানান।
সবমিলিয়ে, তারকা উপস্থিতি ও সাধারণ মানুষের উৎসাহে দ্বিতীয় দফার ভোটে বেহালা পশ্চিমে তৈরি হয়েছে উৎসবের আবহ।





