পূর্ব বর্ধমান, ২৯ এপ্রিলঃ পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্রে ভোটের আবহে নতুন করে উত্তেজনা ছড়াল। বিজেপি প্রার্থী রাজু পাত্র অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা মদ খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।
অভিযোগ, ত্রিলোকচন্দ্রপুরের ১২ বিঘা জমি এলাকায় এই ঘটনা ঘটে। এদিন ওই এলাকায় গিয়ে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সরব হন রাজু পাত্র। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করতে মদের আশ্রয় নেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সামনে রাজু পাত্র মোবাইল ফোন ও মদের বোতল দেখান, যা তিনি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, তাঁকে দেখতে পেয়ে তৃণমূল কর্মীরা ওইসব সামগ্রী ফেলে পালিয়ে যায়।
এই ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বলে জানা গেছে।
যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিজেপি প্রার্থী ভিত্তিহীন অভিযোগ তুলে ভোটের আগে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।
সবমিলিয়ে, ভোটের মুখে এই ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগে গলসি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।





