জলপাইগুড়ি, ২৮ এপ্রিলঃ জলপাইগুড়ি জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে ব্যবহৃত EVM মেশিন রাখা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে নির্মিত স্ট্রং রুমে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে সংরক্ষিত রয়েছে ভোটযন্ত্রগুলি। তবে এই নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের অভিযোগ, স্ট্রং রুমের বাইরে ও ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরাগুলি প্রায় প্রতিদিনই নির্দিষ্ট সময়ের জন্য কাজ করা বন্ধ করে দিচ্ছে। এই ‘ব্ল্যাকআউট’ পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে প্রার্থী ও দলের কর্মীদের মধ্যে। তাঁদের দাবি, এমন সংবেদনশীল সময়ে নজরদারির এই ঘাটতি বড় ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে এবং অবিলম্বে এর স্থায়ী সমাধান প্রয়োজন।
অভিযোগ আরও, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও প্রযুক্তিগত সমস্যাগুলি দ্রুত মেরামত করা হচ্ছে না। ফলে EVM-এর নিরাপত্তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত অভিযোগ খারিজ করে জানানো হয়েছে, স্ট্রং রুমে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সাময়িক প্রযুক্তিগত ত্রুটি দ্রুত ঠিক করা হচ্ছে। নিরাপত্তায় কোনওরকম ফাঁক নেই বলেই দাবি তাঁদের।
এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পাঁচটি বিধানসভার তৃণমূল প্রার্থীরা দিনরাত স্ট্রং রুমের বাইরে অবস্থান করছেন। তাঁরা সিসিটিভি নজরদারির গতিবিধি খতিয়ে দেখছেন, যাতে কোনওরকম অনিয়ম না ঘটে এবং ভোটের স্বচ্ছতা বজায় থাকে।





