কলকাতা, ২৭ এপ্রিলঃ দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে শেষ দিনের প্রচারে দক্ষিণ কলকাতায় শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু হওয়া বিশাল মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার একাধিক তৃণমূল প্রার্থী ও শীর্ষ নেতৃত্ব।
মিছিল শুরু হওয়ার আগেই যাদবপুর ও সংলগ্ন এলাকায় ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী-সমর্থকরা। সুকান্ত সেতু থেকে শুরু হয়ে মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে। ক্রমশ সেই মিছিল জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষও এই কর্মসূচির সাক্ষী থাকেন।
মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল চলাকালীন দলীয় কর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের সমর্থনকে কৃতজ্ঞতা জানান। তৃণমূলের দাবি, এই বিপুল জনসমাগমই প্রমাণ করে যে, দক্ষিণ কলকাতায় তাদের অবস্থান আরও মজবুত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের শক্তি প্রদর্শন ভোটারদের উপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিরোধী শিবির এই মিছিলকে “প্রচারের অংশ” বলেই উল্লেখ করেছে।
বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে এই মিছিল ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। শেষ মুহূর্তের প্রচারে সব দলই নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া। তারই মধ্যে তৃণমূলের এই বিশাল মিছিল কার্যত নির্বাচনী লড়াইকে আরও জমিয়ে তুলল। এখন দেখার, ভোটের বাক্সে এই জনসমর্থনের কতটা প্রতিফলন ঘটে।





