সিতাই, ২৩ এপ্রিলঃ প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন সিতাই বিধানসভা কেন্দ্রের ৬/২৭০ নম্বর বুথে বিজেপির এক নির্বাচনী এজেন্টের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই ওই হামলা চালিয়েছে।
আহত বিজেপি এজেন্ট জাহানুর ইসলামের দাবি, এদিন তিনি বুথ থেকে খাবার খেতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। সেই সময় হঠাৎই প্রায় ৫০-৬০ জনের একটি দল তাঁকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর শুরু করে। শুধু তাই নয়, তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। তাঁর কথায়, “আমাকে খুনের চেষ্টা করা হয়েছে। হাতেও গুরুতর আঘাত লেগেছে।”
ঘটনার পর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভোটের দিন এমন ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।





