দুর্গাপুর, ১২ এপ্রিলঃ ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। রবিবার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। দুর্গাপুর ফরিদপুরের জগন্নাথপুর এলাকায় তাঁকে লক্ষ্য করে একদল মহিলা ঝাঁটা দেখিয়ে প্রতিবাদ জানান।
ঘটনার সময় ঢাকঢোল বাজিয়ে এলাকায় প্রচার করছিলেন জিতেন্দ্র তিওয়ারি। হঠাৎই কয়েকজন মহিলা সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও কোনও বিরূপ প্রতিক্রিয়া না দিয়ে তিনি হাত জোড় করে তাঁদের পাশ কাটিয়ে চলে যান। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কারণেই ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ, তারই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। অন্যদিকে, জিতেন্দ্র তিওয়ারি-এর দাবি, মহিলাদের প্ররোচিত করা হয়েছিল।
পাল্টা তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরাই প্রতিবাদে সরব হচ্ছেন এবং আগামী দিনে এই প্রতিবাদ আরও বাড়বে।
এদিকে, একই দিনে উত্তর ২৪ পরগনার বনগাঁতেও উত্তেজনা ছড়ায়। সাহা পাড়া এলাকায় বিজেপির প্রচার চলাকালীন তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ ওঠে।
বিজেপির অভিযোগ, তাদের প্রচারে বাধা দেওয়া হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরাই প্রথমে আক্রমণ চালায়। সব মিলিয়ে, ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে আরও তপ্ত করে তুলছে।





