পূর্ব বর্ধমান, ১২ এপ্রিলঃ ভোটের মুখে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে রবিবারের জনসভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের প্রথম সভা থেকেই আক্রমণাত্মক সুরে তিনি বলেন, “বিজেপি সব কেড়ে নেবে, আমরা থাকলে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন।”
ভোটার তালিকা প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম ফের তোলার চেষ্টা করবে তৃণমূল। একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, “এমন নির্লজ্জ কমিশন জীবনে দেখিনি। নিজেদের প্যাডে বিজেপির সিল মেরে দিচ্ছে।”
এসআইআর ইস্যুতেও ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এসআইআর সবচেয়ে বড় স্ক্যাম।” ভোটের সময় কমিশনের হাতে সমস্ত ক্ষমতা থাকায় দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক থাকার বার্তাও দেন তিনি।
প্রধানমন্ত্রীকে নাম না করে কটাক্ষ করে তিনি বলেন, “চেয়ারের মর্যাদা রেখে কথা বলা উচিত।” কাটোয়ায় সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি শিল্পেরও উল্লেখ করেন এবং জানান, রাজ্য ইতিমধ্যেই মিষ্টি রপ্তানিতে এগিয়ে।
ডিলিমিটেশন বিল নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বাংলাকে ভাগ করার উদ্দেশ্যেই এই বিল আনা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে ক্ষমতায় এলে এই আইন বাতিল করা হবে।
চাকরি, কৃষি ও সামাজিক প্রকল্প নিয়েও বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, বাংলায় কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এবং বেকারত্ব কমেছে। পাশাপাশি কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালুর কথাও তুলে ধরেন।
সব মিলিয়ে, নির্বাচনের আগে খণ্ডঘোষের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-এর এই আক্রমণাত্মক ভাষণ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল।





