দিনহাটা, ১১ এপ্রিলঃ প্রার্থী ঘোষণার পর থেকেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির অন্দরে ক্ষোভের আগুন জ্বলছিল। স্থানীয় নেতা-কর্মীদের একাংশ প্রার্থী বদলের দাবি তুললেও, সেই দাবিকে গুরুত্ব দেয়নি দলীয় নেতৃত্ব। আর তার জেরেই এবার ওই কেন্দ্রে প্রকাশ্যে এল বিজেপির অন্তর্কলহ।
দিনহাটায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রয়েছেন রাজ্যের বিদায়ী উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন অজয় রায়। তবে এই লড়াইয়ে নতুন মোড় এনে দিয়েছেন বিজেপিরই বিক্ষুব্ধ নেতা অনিমেষ বর্মন, যিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে ইতিমধ্যেই প্রতীকও পেয়ে গিয়েছেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে এবার কি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বদলে বিজেপি বনাম বিজেপির লড়াই দেখবে দিনহাটা?
জানা গিয়েছে, বিজেপির জেলা কমিটির সদস্য তথা ছিটমহল আন্দোলনের অন্যতম মুখ দীপ্তিমান সেনগুপ্ত প্রকাশ্যে অনিমেষ বর্মনের সমর্থনে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেন, দলের তরফে যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। অজয় রায়কে প্রার্থী করার পর থেকেই ক্ষোভ বাড়ছিল বলে দাবি তাঁর।
দলকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শহরের শহিদ কর্নার এলাকায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে দীপ্তিমান সেনগুপ্ত এই অবস্থান স্পষ্ট করেন। নির্দল প্রার্থী হিসেবে অনিমেষ বর্মন ‘দূরবীন’ প্রতীক নিয়ে ভোটে লড়ছেন।
এই ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে এদিন জেলা নেতৃত্ব বৈঠকে বসেছে এবং দ্বন্দ্ব মেটানোর চেষ্টা চলছে।
অন্যদিকে, এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে দিনহাটার নির্বাচনী লড়াই এবার আরও জটিল ও আকর্ষণীয় হয়ে উঠেছে।





