ভবানীপুর, ৫ এপ্রিলঃ ভবানীপুরে অমিত শাহের রোড শো ঘিরে তৈরি হওয়া অশান্তি নিয়ে অবশেষে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রোড শো চলাকালীন তাঁর বাড়ির সামনে হামলা হয়েছে এবং তাঁর পোস্টারে থুতু দেওয়া হয়েছে। রবিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এক জনসভা থেকে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
গত বৃহস্পতিবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার আগে হাজরা থেকে একটি রোড শো করা হয়, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই রোড শো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান-পালটা স্লোগান, যা পরে হাতাহাতিতে গড়ায়।
এই ঘটনার পর নির্বাচন কমিশন ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে। তবে রাজনৈতিক তরজা থামেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, “আমার বাড়ির সামনে হামলা হয়েছে। পোস্টারে থুতু দেওয়া হয়েছে। এমনকি অভিষেকের বাড়ির দিকেও জুতো দেখানো হয়েছে।” যদিও তাঁর দাবি, এই ঘটনার প্রতিবাদ স্থানীয় বাসিন্দারাই করেছেন এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।
এদিন সভা থেকে বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, বাইরে থেকে লোক এনে রোড শো করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী অসভ্যতা করেছে। এক মহিলাকে আপত্তিকরভাবে তল্লাশি করা হয়েছে।”
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই ভবানীপুর কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারীর লড়াইয়ে এই কেন্দ্র এখন হাইভোল্টেজ নির্বাচনী কেন্দ্র হিসেবে উঠে এসেছে। এই পরিস্থিতিতে ভবানীপুরের পরিস্থিতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।





