ফরাক্কা, ৫ এপ্রিলঃ ফরাক্কা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মাহাতাব হোসেনকে ঘিরে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটল এসআইআর ট্রাইব্যুনালের হস্তক্ষেপে। নথিপত্র খতিয়ে দেখে ট্রাইব্যুনাল জানিয়েছে, তাঁর জমা দেওয়া আধার কার্ড, পাসপোর্ট-সহ সমস্ত বৈধ নথিতে কোনও ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ নেই। ফলে অবিলম্বে তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় প্রশ্ন উঠেছে, সমস্ত প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও কেন এতদিন মাহাতাব হোসেনের নাম ভোটার তালিকায় ওঠেনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কংগ্রেস শিবিরের দাবি, প্রশাসনিক গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল।
ফরাক্কা কেন্দ্রে আগামী ২৩ এপ্রিল ভোট গ্রহণের দিন নির্ধারিত রয়েছে। তার আগে ৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে নাম ভোটার তালিকায় না উঠলে মাহাতাব হোসেনের পক্ষে মনোনয়ন জমা দেওয়া সম্ভব হত না। সেই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের এই নির্দেশ তাঁর জন্য বড় স্বস্তি এনে দিল।
রবিবার ট্রাইব্যুনাল স্পষ্টভাবে জানিয়ে দেয়, কোনও অসঙ্গতি না থাকায় দ্রুত নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর ফলে নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্যার সমাধান হয়ে গেল এবং প্রার্থীপদ নিয়ে অনিশ্চয়তাও কেটে গেল।
এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। তবে আপাতত ট্রাইব্যুনালের নির্দেশে কংগ্রেস প্রার্থী স্বস্তির নিশ্বাস ফেলেছেন। এখন তিনি নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন জমা দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।





