কলকাতা, ৩ এপ্রিলঃ আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচন-কে সামনে রেখে রক্তপাতহীন নির্বাচন নিশ্চিত করতে আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটের একমাস আগেই রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার ভোট পরবর্তী পরিস্থিতি সামাল দিতেও বড় ঘোষণা করল কমিশন।
শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য প্রায় ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে রাজ্যে। শুধু তাই নয়, ইভিএম ও স্ট্রং রুমের নিরাপত্তার জন্য আলাদাভাবে ২০০ কোম্পানি বাহিনী নিয়োজিত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যে ভোট যত এগোচ্ছে, ততই বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। বিশেষ করে মালদার কালিয়াচক এলাকায় সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে। অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজে গিয়ে জুডিশিয়াল অফিসারদের একটি বিডিও অফিসে আটকে রাখা হয়। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিষয়টি নিয়ে সরব হয়েছে সর্বোচ্চ আদালতও।
এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি।
কমিশনের এই পদক্ষেপে একদিকে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হলেও, অন্যদিকে ‘অতি-সক্রিয়তা’ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল। তবে কমিশনের স্পষ্ট বার্তা, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।





