নন্দীগ্রাম, ১ এপ্রিল: নির্বাচনী আবহে ফের উত্তেজনা নন্দীগ্রামে। ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম বিধানসভা এলাকায়, যেখানে এক মুসলিম পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভেন্দুকে ঘিরে হঠাৎই ‘জয় বাংলা’ স্লোগান উঠতে শুরু করে। তাতেই ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। স্লোগানদাতাদের উদ্দেশে শুভেন্দু বলেন, “সময় বদলে গিয়েছে। এই রকম করবেন না। সবার কাছে যাওয়ার অধিকার আমার আছে।” তিনি আরও জানান, সব সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন এবং তাঁর বিধায়ক কার্যালয় থেকে সবাই সাহায্য পেয়েছে।
এই ঘটনার পরই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস-এর পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, শুভেন্দু অধিকারী বুঝে গিয়েছেন তিনি এবার জিততে পারবেন না। তাই সব সম্প্রদায়ের কাছে যাওয়ার চেষ্টা করছেন। তৃণমূলের দাবি, তাঁর এই আচরণ থেকেই সেই চাপ স্পষ্ট।
যদিও ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলার কোনও অবনতি হয়নি। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শুভেন্দু অধিকারী এলাকা ছাড়ার পর নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি।
ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে নন্দীগ্রামের রাজনৈতিক পারদ আরও চড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





