মাথাভাঙা, ৩১ মার্চঃ পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসুচি পালন করা হচ্ছে মাথাভাঙ্গার পচাগড় মোড়ে।মূলত SIR এ সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাতিলের ঘটনার প্রতিবাদে এদিন মাথাভাঙ্গা কোচবিহার ১৬ নং রাজ্য সড়ক অবরোধ করে এই বিক্ষোভ দেখানো হয়।এদিকে পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং রাজ্য সড়কের দুধারে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বহু গাড়ি। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষেরাও।এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনীও।পুলিশ বারংবার অবরোধকারীদের সাথে কথা বললেও অবরোধকারীরা তাদের অবরোধ চালিয়ে যান।
অবরোধকারীরা জানান নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাতিল করে ভোট করার যে একটা চক্রান্ত করেছে তারই বিরুদ্ধে এদিন সাধারণ মানুষ পথে নেমেছেন।যতক্ষণ না পর্যন্ত জেলা শাসক কিংবা নির্বাচন কমিশনের কোনো আধিকারিক এসে তাদের আশ্বাস দেবেন না,ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলেও জানান।





