মালদা, ২৩ মার্চঃ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার মালদা শহরের বুকে প্রতিবাদ মিছিলে নামল ভারত মুক্তি মোর্চা ও রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা। দুই সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন বহু কর্মী ও সমর্থক।
মিছিল চলাকালীন সংগঠনগুলির পক্ষ থেকে ওবিসি-সহ সমস্ত জাতিভিত্তিক জনগণনার দাবি জোরালোভাবে তোলা হয়। তাদের বক্তব্য, প্রকৃত সামাজিক ও অর্থনৈতিক চিত্র জানতে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের জন্য ইউজিসি রেগুলেশন যথাযথভাবে কার্যকর করার দাবিতেও সুর চড়ান আন্দোলনকারীরা।
এছাড়াও, ২০১১ সালের আগে চাকরিতে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতেও সরব হন তারা। আন্দোলনকারীদের মতে, দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকদের নতুন করে পরীক্ষার মুখে দাঁড় করানো অন্যায্য।
মিছিলকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য মালদা শহরের যান চলাচলেও প্রভাব পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পুলিশ। সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।





