বানারহাট, ২২ মার্চ : সাত সকালে লোকালয়ে হাতি ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে নাথুয়া রেঞ্জের পশ্চিম খয়েরকাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবারের সন্ধানে একটি হাতির জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে।
রাতভর এলাকায় ঘোরাফেরা করার পর সকাল হতেই হাতিকে গ্রাম সংলগ্ন এলাকায় দেখা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের আশঙ্কা ছিল, দিনের আলোতেই হাতির দল লোকালয়ে ঘোরাফেরা করায় যেকোনও সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাথুয়া রেঞ্জের এনডব্লিউএ (NWA) টিম।
বনকর্মীরা হাতির গতিবিধির উপর নজর রেখে ধীরে ধীরে তাদের জঙ্গলের দিকে ফেরত পাঠায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে এলাকায়। তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বনদপ্তরের আরও সতর্কতা ও নজরদারির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।





