হরিণঘাটা, ১৯ মার্চঃ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্দরে সংঘাত তুঙ্গে উঠল হরিণঘাটা কেন্দ্রে। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই প্রার্থী অসীম সরকার-কে ঘিরে ক্ষোভ প্রকাশ করছেন দলেরই একাংশের কর্মী-সমর্থকরা। প্রার্থী বদলের দাবিতে কাস্টডাঙ্গা বাজারে বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত পাঁচ বছরে এলাকার মানুষ তাঁদের নির্বাচিত বিধায়ককে প্রায় দেখতেই পাননি। তাঁদের দাবি, যাঁদের ভোটে তিনি জয়ী হয়েছিলেন, তাঁদের জন্য কোনও কাজই করেননি অসীম সরকার। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিজের মতো কাজ করা এবং চাকরি দেওয়ার নাম করে দুর্নীতির অভিযোগও তোলেন স্থানীয় কর্মীরা।
বুধবার বিক্ষোভে সরব হয়ে তাঁরা স্পষ্ট হুঁশিয়ারি দেন, অবিলম্বে প্রার্থী পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন। এমনকি প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করানোর কথাও জানানো হয়।
এই পরিস্থিতিতে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অসীম সরকার। তাঁর দাবি, “যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা আসলে আমার নয়, নরেন্দ্র মোদি-র বিরোধিতা করছেন। বিজেপির প্রকৃত কর্মীরা এভাবে রাস্তায় নেমে দলের ক্ষতি করেন না।” তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে কিছু মানুষকে উসকে দিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করছে।
অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। জেলা তৃণমূল নেতা চঞ্চল দেবনাথ বলেন, “দেরিতে হলেও বিজেপির কর্মীরা বাস্তবটা বুঝতে পেরেছেন। গত পাঁচ বছরে এলাকার মানুষ তাঁদের বিধায়ককে পাননি।”
সব মিলিয়ে, ভোটের আগে হরিণঘাটায় বিজেপির অন্দরের এই কোন্দল রাজনৈতিক মহলে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। বিরোধীদের মতে, এই বিভাজনের সুযোগ নিতে পারে তৃণমূল কংগ্রেস। ফলে নির্বাচনের আগে হরিণঘাটার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।





