কলকাতা, ১৯ মার্চ: বিধানসভা নির্বাচনের আগে বড় আইনি ধাক্কা খেলেন সন্দেশখালির বহুল আলোচিত ব্যক্তি শেখ শাহজাহান। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকদের উপর হামলার মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে তাঁর ভাই আলমগীরের জামিনের আবেদনও নাকচ হয়েছে।
বিচারপতি শুভ্রা ঘোষ-এর এজলাসে এই মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানির পর আদালত স্পষ্ট জানায়, এই মুহূর্তে জামিন মঞ্জুর করা সম্ভব নয়। পাশাপাশি তদন্তে নতুন যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতে ভবিষ্যতে নতুন করে আবেদন জানাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় রেশন দুর্নীতি মামলার তদন্তে। সেই সময় ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, এই হামলার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং শাহজাহান। ঘটনার প্রায় ৫৫ দিন পর তাঁকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। পরে মামলার তদন্তভার যায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এর হাতে।
বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন শাহজাহান। এর আগেও জামিন চেয়ে সুপ্রিম কোর্ট-এর দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এই মামলায় হাই কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে দাবি করা হয়, শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে। সেই যুক্তিকেই গুরুত্ব দিয়ে আদালত এদিন তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। ফলে আপাতত জেলবন্দি অবস্থাতেই থাকতে হবে শেখ শাহজাহানকে। ভোটের আগে এই রায় রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।





