কলকাতা, ১৯ মার্চঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারসূচি নিয়ে মাঠে নামতে চলেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-এর সমর্থনে বাংলায় একাধিক জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা যাচ্ছে, এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী জোড়া কেন্দ্রে নন্দীগ্রাম ও ভবানীপুরে প্রার্থী হয়েছেন। তাঁর সমর্থনে কাঁথিতে একটি বড় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি খড়গপুর সদরে দিলীপ ঘোষের সমর্থনেও আরেকটি সভা করার সম্ভাবনা রয়েছে।
বিজেপি সূত্রে আরও খবর, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট প্রায় ১২টি জনসভা করতে পারেন মোদি। এর মধ্যে উত্তরবঙ্গে কোচবিহার, শিলিগুড়ি ও বালুরঘাট-এ সভা করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে খড়গপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া ও দুই ২৪ পরগনায় জনসভা করার কথা রয়েছে।
উল্লেখ্য, দলের সাংগঠনিক দশটি বিভাগের মধ্যে সাতটি বিভাগে ইতিমধ্যেই সভা করেছেন প্রধানমন্ত্রী আলিপুর, দমদম, দুর্গাপুর, তাহেরপুর, মালদহ, সিঙ্গুর ও ব্রিগেডে। এবার নতুন এলাকায় সভা করে ভোটারদের কাছে পৌঁছতে চাইছে বিজেপি।
প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুরে দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে এসেছিলেন মোদি। এবারও সেই ধারা বজায় থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “এটা কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ঠিক করবে। তবে প্রতি নির্বাচনেই তাঁরা আসেন।”
সব মিলিয়ে, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর একাধিক জনসভাকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। চলতি মাসের শেষ থেকেই এই জোরদার প্রচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রাজ্যের নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলবে।





