শিলিগুড়ি, ১৬ মার্চ: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়োল শিলিগুড়ি পুলিশ। গত কয়েক মাসে শিলিগুড়ি থানার অধীনে প্রায় ৫০টি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একাধিক মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হারানো মোবাইলগুলির আইএমইআই নম্বর ট্র্যাক করে প্রযুক্তিগত সহায়তায় বিভিন্ন জায়গা থেকে ফোনগুলি উদ্ধার করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সোমবার সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এই উপলক্ষে শিলিগুড়ি থানায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস । এছাড়াও উপস্থিত ছিলেন পানিট্যাঙ্কি থানার ওসি নির্মল দাস এবং খালপাড়া থানার ওসি প্রসেনজিৎ দে সরকার।
পুলিশ আধিকারিকরা জানান, হারিয়ে যাওয়া মোবাইল সংক্রান্ত অভিযোগ গুরুত্ব সহকারে নিয়ে ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়েছিল। তার ফলেই একের পর এক মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ফোনের মালিকরা। অনেকেই পুলিশের এই উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানান। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতেও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষকে দ্রুত সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে পুলিশ।





