খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ মার্চঃ রবিবারই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। ওই বৈঠক থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভোটের দিনক্ষণ। কমিশনের ফুল বেঞ্চ উপস্থিত থাকবে এই বৈঠকে।
সবচেয়ে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গের ভোটের দিকে। কমিশন সূত্রে খবর, বাংলায় সম্ভাব্য দুই থেকে তিন দফায় ভোট হতে পারে। যদিও রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জাতীয় কমিশনকে জানানো হয়েছিল, প্রশাসন এক দফাতেও নির্বাচন পরিচালনা করতে প্রস্তুত। কিন্তু আইনশৃঙ্খলা এবং নিরাপত্তার বিভিন্ন বিষয় বিবেচনা করে শেষ পর্যন্ত একাধিক দফায় ভোটের সিদ্ধান্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, এপ্রিল মাসের ১৫ তারিখের পর প্রথম দফার ভোট হতে পারে পশ্চিমবঙ্গে। সম্ভাব্য তারিখ হিসেবে ২২, ২৬ এবং ৩০ এপ্রিলের কথা উঠে আসছে। আর ভোটগণনা হতে পারে আগামী ৩ মে। যদিও এই সবই এখনো সম্ভাব্য সূচি, চূড়ান্ত ঘোষণা হবে রবিবার বিকেলের সাংবাদিক বৈঠকেই।
উল্লেখ্য, গত ৮ মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসেছিল। কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। পাশাপাশি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দু’দিনের বৈঠক শেষে দিল্লি ফিরে যান কমিশনের কর্তারা। তখনই ইঙ্গিত মিলেছিল, ১৫ মার্চের পরেই ভোটের দিন ঘোষণা করা হতে পারে।
এদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যের ভোটার তালিকা নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে প্রায় ১৫ লক্ষের নিষ্পত্তি হলেও এখনও বিপুল সংখ্যক ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে। এখনও পর্যন্ত কোনও সাপ্লিমেন্টারি ভোটার তালিকাও প্রকাশ করা হয়নি। ফলে ভোট ঘোষণার আগে এই সমস্যার সমাধান হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।





