কলকাতা, ১৪ মার্চঃ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর বক্তব্যে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি ছিল কড়া ভাষার সমালোচনা, যা মুহূর্তের মধ্যেই সভামঞ্চ ও সমর্থকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।
ব্রিগেড তখন কানায় কানায় পূর্ণ। সেই সময় মিঠুন চক্রবর্তী মঞ্চে উঠতেই সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা ময়দান। মাথায় কালো টুপি, গলায় গেরুয়া উত্তরীয় পরে তিনি মাইকের সামনে এসে তৃণমূল সরকারকে আক্রমণ করেন। তাঁর দাবি, বাংলায় বর্তমানে অরাজক পরিস্থিতি চলছে এবং রাজ্যের উন্নয়ন থমকে রয়েছে।
মিঠুন বলেন, “পুলিশ যদি নিরপেক্ষ থাকে, মাত্র ৩০ সেকেন্ডে তৃণমূলের খেলা শেষ করে দেব।” তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল সরকার পুলিশের ভরসাতেই টিকে রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “আমি অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, কিন্তু ওনার মতো মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী দেখিনি।” এ প্রসঙ্গেই তিনি বলেন, “এর আগে হাত ভেঙেছেন, পা ভেঙেছেন। এবার সতর্ক থাকবেন। হয়তো দেখবেন আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছেন। উনি চাইলে আইসিইউ থেকেও বক্তৃতা দিতে পারেন।”
এদিনের সভায় মিঠুন রাজ্যের আদিবাসী ও জনজাতি সম্প্রদায় এবং কৃষকদের উদ্দেশেও বার্তা দেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের সমস্যার সমাধান হবে এবং আলু চাষিদের দুঃখের দিন শেষ হবে।
বক্তৃতার শেষে তাঁর জনপ্রিয় ‘গোখরো’ ডায়লগও শোনান মিঠুন চক্রবর্তী। পরে হাসতে হাসতে বলেন, “এগুলো তো মনোরঞ্জনের জন্য বললাম, বাকিটা তো আপনারাই বলে দিলেন।”
ব্রিগেডের মঞ্চ থেকে মিঠুনের এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
‘পুলিশ নিরপেক্ষ থাকলে ৩০ সেকেন্ডে তৃণমূল শেষ’ ব্রিগেডে বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর
---Advertisement---





