খবরিয়া ২৪ ডেস্ক, ১২ মার্চঃ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রণকৌশল ও সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়েই মূলত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন রাজ্যের নেতারা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, কোন আসনে কাকে প্রার্থী করা হতে পারে, কোথায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং কোথায় বিশেষ নজর দিতে হবে এসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে সংগঠনগত প্রস্তুতি জোরদার করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও শনিবার, ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে প্রস্তুতির বিষয়টিও বৈঠকে উঠে আসে। ওই সমাবেশকে সফল করতে জনসমাগম, প্রচারের কৌশল এবং সংগঠনগত প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
বুধবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্বের এই বৈঠকের পরদিন, বৃহস্পতিবার আবারও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই ধারাবাহিক বৈঠক থেকেই স্পষ্ট যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এখন থেকেই সংগঠনকে আরও সক্রিয় করতে চাইছে।
সূত্রের খবর, আগামী দিনেও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের আরও কয়েক দফা বৈঠক হতে পারে। সেই বৈঠকগুলিতে ধাপে ধাপে প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং নির্বাচনী কৌশল নির্ধারণের কাজ এগোবে বলে মনে করা হচ্ছে। ফলে নির্বাচনকে ঘিরে বিজেপির প্রস্তুতি ইতিমধ্যেই জোরদার হয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা।





