শিলিগুড়ি, ৯ মার্চঃ রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগকে কেন্দ্র করে শিলিগুড়িতে প্রতিবাদে সরব হল একাধিক সংগঠন। সোমবার শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করে সচেতন নাগরিক মঞ্চ, শিলিগুড়ি এবং জনজাতি সুরক্ষা মঞ্চ। সংগঠনগুলির দাবি, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির মর্যাদা রক্ষার প্রশ্নে কোনও আপস করা যাবে না।
এদিন মিছিলটি শুরু হয় এয়ারভিউ আরো থেকে। সংগঠনের সদস্য ও সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। পরে মিছিলটি গিয়ে পৌঁছায় শিলিগুড়ি মহকুমা অফিস-এর সামনে। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের বক্তব্য, সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতে দেশের রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা প্রতিবাদে নেমেছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতির সম্মান ও মর্যাদা রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। তাই এই ধরনের মন্তব্য বা আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো অত্যন্ত প্রয়োজনীয়।
বিক্ষোভের পর সংগঠনের প্রতিনিধিরা মহকুমা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, রাষ্ট্রপতিকে অপমান করার ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।
সংগঠনের সদস্যরা জানান, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে রয়েছেন দ্রৌপদী মুর্মু। তাঁর সম্মান রক্ষা করা শুধু সরকারের নয়, সমগ্র দেশের মানুষের দায়িত্ব। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন আন্দোলনকারীরা।
এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কিছু সময়ের জন্য শিলিগুড়ির বিভিন্ন রাস্তায় যান চলাচলেও সামান্য প্রভাব পড়ে। তবে গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।





