জলপাইগুড়ি, ৮ মার্চ : উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত বানারহাট ব্লক-এ গেরুয়া শিবিরের ভাঙনের ছবি সামনে এল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বেশ কিছু কর্মী। দলের একটি সভায় কৃষ্ণ দাসের হাত ধরে ১০ জনেরও বেশি বিজেপির সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে তাদের দাবি।
ওই অনুষ্ঠানে তৃণমূল সমর্থক ও বহু মহিলা কর্মীরাও উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন বানারহাট ব্লকের এসসি-ওবিসি সেলের ব্লক সভাপতি জাফর হোসেন সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। দলীয় নেতাদের দাবি, সাম্প্রতিক ধূপগুড়ি ও মাদারিহাট উপনির্বাচনে যেভাবে বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তার ব্যতিক্রম নাগরাকাটা বিধানসভাতেও হবে না।
বর্তমানে নাগরাকাটা বিধানসভা বিজেপির দখলে থাকলেও, এলাকায় তেমন উন্নয়নমূলক কাজ হয়নি বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তাঁদের দাবি, আগামী নির্বাচনে নাগরাকাটাতেও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে।





