জলপাইগুড়ি, ৮ মার্চ : নানা এলাকায় ভোটের মুখে তৃণমূল ও বিজেপির গোলমালের অভিযোগ,পাল্টা অভিযোগ উঠছে। সেই সময় অন্য সৌজন্যের উদ্যোগ দেখা গেল জলপাইগুড়ির ধূপগুড়িতে। শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরে বিজেপির পরিবর্তন সংকল্প রথ যাওয়ার সময় হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘোষপাড়া মোড় এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক একজোট হয়ে বিজেপি কর্মী ও সমর্থকদের উদ্দেশে জয় বাংলা। স্লোগান দিতে শুরু করেন। পাল্টা বিজেপি কর্মী ও সমর্থকরাও জয় শ্রীরাম স্লোগান তোলেন। মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের নেতা রাজেশ কুমার সিং।
পাশাপাশি সেখানে পৌঁছন ধূপগুড়ি থানা-র আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।পরবর্তীতে রাজেশ কুমার সিং যুব তৃণমূল কর্মীদের সেখান থেকে সরিয়ে দেন। দলীয় অনুমতি ছাড়া এভাবে পাল্টা স্লোগান দেওয়া ঠিক নয় বলে তাঁদের সতর্ক করেন।তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। স্বাভাবিক হয় পরিস্থিতি।সবমিলিয়ে এক অন্য সৌজন্যের ছবি দেখলেন বাসিন্দারা।





