খবরিয়া ২৪ ডেস্ক, ৭ মার্চঃ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবারও তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি দিল্লির সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেওয়া হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের শাসক নেতৃত্বকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “এত অহংকার কীসের?” তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বারবার রাজ্যের অধিকার খর্ব করার চেষ্টা করছে এবং নানা ইস্যুতে অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই কারণেই গণতান্ত্রিক প্রতিবাদের পথে নামতে হয়েছে বলে দাবি করেন তিনি।
বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষের স্বার্থের কথা না ভেবে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বিভিন্ন পদক্ষেপ করছে। তার জবাব মানুষই উপযুক্ত সময়ে দেবে বলে মন্তব্য করেন তিনি।
এদিন কেন্দ্রীয় রাজনীতির সমীকরণ নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকার খুব শক্ত ভিতের উপর দাঁড়িয়ে নেই। বরং মিত্রদলগুলির সমর্থনের উপরই অনেকটা নির্ভর করছে তাদের অবস্থান। এই প্রসঙ্গে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু-র নাম উল্লেখ করে বলেন, “চন্দ্রবাবু নায়ডুর দয়াতেই এই সরকার টিকে আছে। টিমটিম করে জ্বলছে।”
মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্র যদি রাজ্যের প্রতি অবিচার চালিয়ে যায় এবং গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে দেশজুড়ে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। সেই লড়াইয়ে সাধারণ মানুষই শেষ কথা বলবেন বলেও দাবি করেন তিনি।
ধর্মতলার ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে এমন কড়া বার্তা দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই বক্তব্য ঘিরে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।





