কোচবিহার, ৬ মার্চঃ ভোটার তালিকায় নাম ‘বিবেচনাধীন’ থাকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। মানসিক উদ্বেগে বিষপান করে আত্মঘাতী হলেন সামিনুর মিয়া নামে এক যুবক। শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ভোটার তালিকায় তাঁর নাম ‘বিবেচনাধীন’ থাকার খবর জানার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন সামিনুর মিয়া। বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। অভিযোগ, গত বুধবার পরিবারের সদস্যদের অগোচরে তিনি বিষপান করেন।
পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাঁকে উদ্ধার করে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। সেখানে কয়েকদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার ভোর প্রায় তিনটা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃতের আত্মীয়দের দাবি, ভোটার তালিকায় নাম বিবেচনাধীন থাকার ঘটনাকে ঘিরে তৈরি হওয়া মানসিক চাপ থেকেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন সামিনুর মিয়া। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।





