কলকাতা, ৬ মার্চঃ বিধানসভা ভোটের আগে রাজ্যে ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর-এর ফলে প্রায় ৫৪ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের বিষয়টি বিচারাধীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ভোটের আগে এত বিপুল সংখ্যক ভোটারের ভাগ্য নির্ধারণ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, ৬০ লক্ষের মধ্যে প্রায় ৬ লক্ষ মামলার নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে। তবে বাকি মামলাগুলোর কী হবে তা এখনও স্পষ্ট নয়। তাঁর কথায়, “বাকি বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা এখনই কিছু বলতে পারছি না।”
তিনি আরও জানান, এই ধরনের পরিস্থিতি আগে খুব কমই দেখা গেছে। অনেক সময় ফর্ম-৬ শেষ মুহূর্তে জমা পড়লে কিছু আবেদন নিষ্পত্তি না-হওয়ার ঘটনা ঘটে, তবে এত বড় সংখ্যায় বিচারাধীন থাকার ঘটনা আগে দেখা যায়নি বলেই জানান তিনি।
এদিকে শাসক দল তৃনমূল অভিযোগ তুলেছে যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বহু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে সিইও জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগ পেলে প্রশাসন অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে জানা গিয়েছে, আগামী ৯ ও ১০ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশন-এর ফুল বেঞ্চ। তারা রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা, ভোটকর্মীদের প্রশিক্ষণ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখবে। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ কর্তারা রাজ্য ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন।
সব কিছু পর্যালোচনা করার পরই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তার আগে ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।





