মাথাভাঙ্গা, ২৭ অক্টোবর : মাথাভাঙ্গার পঞ্চানন সেতুতে রয়্যাল এনফিল্ড বাইক ও সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হলেন দু’জন। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় সাইকেলটি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি দুর্ঘটনার জেরে পঞ্চানন সেতুতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার পঞ্চানন সেতুর উপর দিয়ে যাওয়ার সময় একটি রয়্যাল এনফিল্ড বাইক ও সাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা ও মাথাভাঙ্গা থানার পুলিশ। তাঁদের সহযোগিতায় গুরুতর আহত বাইক আরোহী ও সাইকেল আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী এক যুবকের দাবি, রয়্যাল এনফিল্ড বাইকটি কোচবিহারের দিক থেকে দ্রুতগতিতে মাথাভাঙ্গার দিকে আসছিল। পথে তাদের পাশাপাশি সামনে থাকা একটি লরিকে ওভারটেক করে বাইকটি। এরপরই মাথাভাঙ্গার দিকে যাওয়া এক সাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে বাইকটি। সংঘর্ষের জেরে দু’জনই সেতুর উপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন বলে দাবি ওই প্রত্যক্ষদর্শীর।
জানা গিয়েছে, আহত বাইক আরোহীর নাম শুভজিৎ চন্দ। তিনি মাথাভাঙ্গা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অন্যদিকে, আহত সাইকেল আরোহী দীপক বর্মন পেশায় সবজি ব্যবসায়ী। তাঁর বাড়ি কাউয়ারডারা এলাকায়।
দুর্ঘটনার পর পঞ্চানন সেতুতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পাশাপাশি মাথাভাঙ্গা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর পড়ে থাকা রক্ত জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে। দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ সেতুতে যানজটের পরিস্থিতি তৈরি হয়।





