শিলিগুড়ি, ৫ মার্চঃ গোপনে নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা ভেস্তে দিল পুলিশ। শিলিগুড়ির ঘোড়ার বাড়ি এলাকার ভোলা মোড়ে লুকিয়ে নাবালিকার বিয়ের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহ বন্ধ করে দেয় এনজেপি থানার পুলিশ। ঘটনায় বর-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় যে এলাকায় একটি নাবালিকা মেয়ের বিয়ে গোপনে সম্পন্ন করার প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যায় এবং বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২৪ বছর বয়সী মনোজিৎ ঘোষ নামে এক যুবকের সঙ্গে ওই নাবালিকার বিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছিল। এই বিয়েতে সাহায্য করছিলেন নাবালিকার দুই মামা অসীম দাস ও অসিত দাস। বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ডেকে আনা হয়েছিল পুরোহিত ছোটন চক্রবর্তীকে।
পুলিশ ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে তাঁদের গ্রেফতার করা হয়। অন্যদিকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে।আইন অনুযায়ী তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি)-র তত্ত্বাবধানে পাঠানো প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন এবং বাল্যবিবাহের মতো বেআইনি প্রথা রুখতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ধৃত চারজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।





