শিলিগুড়ি, ৫ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ি শহরে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় মুকেশ বিশ্বকর্মা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক সিকিমের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত এসএনটি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই যুবককে। গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ সেখানে অভিযান চালায়।
থানার আইসি বিডি সরকারের নির্দেশে পুলিশ ওই যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি শিলিগুড়িতে কারও কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই ওই যুবক শহরে এসেছিল। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কার কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ি শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে।
ধৃত মুকেশ বিশ্বকর্মাকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ। নির্বাচনের আগে শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।





